আন্তর্জাতিক ডেস্ক : শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আরব জোট বিমান হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টা পরই ইয়েমেনে পাঁচ দিনের অস্ত্রবিরতি শুরু হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা (বাংলাদেশ সময় রাত ২টা ) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে লড়াইরত দুই পক্ষ চুক্তির শর্ত কতখানি মেনে চলছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই অস্ত্রবিরতির ওপরই নির্ভর করছে ইয়েমেনের বিবাদমান পক্ষগুলোর আগামী শান্তি আলোচনার ভবিষ্যৎ। হুতি এবং আরব জোট এই দুই পক্ষই দেশটির ক্ষমতাচ্যূত দুই প্রেসিডেন্টের পক্ষ নিয়েছে। উভয় পক্ষই তাদের বিরোধী পক্ষকে সতর্ক করে দিয়ে বলেছে, এই চুক্তি লঙ্ঘণ করা হলে তারা এর উপযুক্ত জবাব দেবে।
এদিকে চুক্তি বাস্তবায়িত হওয়ার আগে মঙ্গলবার সকালে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত এবং আরো আড়াইশ আহত হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় হতাহতদের অধিকাংশই ছিল বেসামরিক মানুষ।
অস্ত্রবিরতি বাস্তবায়িত হওয়ার আগে সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এক বিবৃতিতে বলেছিলেন, পাঁচ দিনের ওই অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ আরো বাড়ানো হবে কীনা তা নির্ভর করছে, ইয়েমেনে ত্রাণ সরবরাহের সফলতা এবং হুতি ও তাদের মিত্রদের কর্মকাণ্ডের ওপর।
জাতিসংঘের হিসাব মতে ১৯ মার্চ থেকে শুরু ওেয়া সংঘর্ষে উয়েমেনে ১৪শয়ের বেশি মানুষ প্রাণ হারিয়েছে যাদের সিংহভাগই বেসামরিক। এছাড়া খাদ্র, পানি এবং চিকিৎসা সঙ্কটে ভুগছে দেশটির আরো আড়াই কোটি মানুষ।

