আন্তর্জাতিক ডেস্ক : নিজের ফুফুকে বিষ খাইয়ে হত্যার নির্দেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পার্ক নামে উত্তর কোরিয়ার এক দলত্যাগী শীর্ষ নেতার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা সিএনএন এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম জং ইলের বোন কিম কিয়ং হুইয়ের স্বামীকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১৩ সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ড দেয়া হয়। রায় কার্যকরের আগে ওই বছর সেপ্টেম্বরে পর্দার অন্তরালে চলে যান এককালে দলের প্রভাবশালী নেত্রী কিম কিয়ং।
পার্ক জানান, গত বছরের ৫ অথবা ৬ মে কিম জং উন তার ফুফুকে হত্যার নির্দেশ দেন। বিষয়টি কেবল তার দেহরক্ষী বাহিনী ইউনিট ৯৪৭ জানতো। এখন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তারাও জানেন তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে এ খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে পিয়ংইয়ংয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, কিম কিয়ং জীবিত আছেন। মদাসক্তি সংশ্লিষ্ট অসুখের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

