আন্তর্জাতিক ডেস্ক : বিচারপতি নিয়োগে বিতর্কিত মন্তব্যের জের ধরে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন মিশরের বিচারমন্ত্রী মাহফুজ সাবের। রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল-১০ কে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ক্লিনারের ছেলে বিচারক হওয়ার যোগ্য নয়।
সাক্ষাৎকারে মাহফুজ সাবেরকে বিচারক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, যোগ্য মানেই নিয়োগ দেয়া হয়।
এরপরই তাকে প্রশ্ন করা হয়, তাহলে কি একজন পয়ঃনিস্কাশন কর্মীর ছেলে বিচারক হতে পারবে?
জবাবে সাবের বলেন, ‘ক্লিনার এবং তাদেরও চেয়ে যারা নিচু ও উঁচু মর্যাদার তাদের প্রতি সম্মান রেখেই বলছি বিচারকদের অবশ্যই উপযুক্ত পরিবেশ থেকে আসতে হবে। … যেসব ক্লিনার তাদের সন্তানদের শিক্ষিত করেন তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য , কিন্তু তাদের জন্য অন্য চাকুরি রয়েছে।’
তার দাবি, ক্লিনারের ছেলে বিচারপতি হলে তারা সমস্যায় পড়বে এবং হতাশায় ভুগে শেষে চাকুরি ছেড়ে চলে যাবে।
সাক্ষাৎকারটি প্রচারের পরপর সামাজিক গণমাধ্যমে সাবেরের বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয়। সোমবার মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব এক বিবৃতিতে বলেছেন, ‘জনমতের প্রতি’ শ্রদ্ধা দেখিয়ে সাবের পদত্যাগ করেছেন।

