নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন ও পৌরসভার সেবা কাজের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলারের যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে বেলারুশের সাথে বাংলাদেশ সরকারের একটি ঋণ চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে চতুর্পক্ষীয় এ চুক্তি সই হয়।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (ইউরোপ) আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এবং বেলারুশ সরকারের পক্ষে ঋণ প্রদানকারী সংস্থা ওপেন জয়েন্ট স্টক কোম্পানি (ওজেএসসি) এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ওলেগ ভোচিস্ট ও সরবরাহকারী প্রতিষ্ঠান আমকোদোরের এর ডেপুটি ডিরেক্টর জেনারেল (মার্কেটিং) সিয়ারি হাটিসুকিভিস চুক্তি সই করেন।
চুক্তি অনুযায়ী, ওপেন জয়েন্ট স্টক কোম্পানি (ওজেএসসি) যন্ত্রপাতি ক্রয়ে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে। প্রতিশ্রুত ঋণ ব্যবহার করে সিটি করপোরেশন ও পৌরসভার জন্য বেলারুশের আমকোদোর কোম্পানির প্রস্তুত ও সরবরাহকৃত ১১ ধরনের এক্সকাভেটর, টুইন ড্রাম ভাইব্রেটরি রোলার, লোডার সংগ্রহ করা হবে।
বাংলাদেশ সরকার প্রকল্প ব্যয়ের ডাউন পেমেন্ট হিসেবে ১৫ শতাংশ অগ্রিম প্রদান করলেও ব্যয়ের ৮৫ শতাংশ প্রদান করবে ঋণ প্রদানকারী সংস্থা। যা ১ শতাংশ সুদ হারে ১১ বছরে (গ্রেস পিরিয়ড ৩ বছর) পরিশোধ করা যাবে।
চুক্তি স্বাক্ষরের পর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক জানান, ১১টি সিটি করপোরেশন ও ৩২৪টি পৌরসভায় অগ্রাধিকার ভিত্তিতে যন্ত্রপাতি সরবরাহ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে যন্ত্রপাতি পাওয়া যাবে বলে আশা করেন আব্দুল মালেক।
সরবরাহকৃত যন্ত্রপতির দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং মেরামতের জন্য বেলারুশ বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবে।
প্রস্তাবিত ঋণ প্রদানের মাধ্যমে বেলারুশ সরকার বাংলাদেশের উন্নয়নে একটি অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যাত্রা শুরু করলো বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক।

