অর্থনৈতিক প্রতিবেদক : ধানের বাম্পার ফলনের পরও কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছিলেন- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চাল আমদানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে সরকার; যা আজ রোববার থেকেই কার্যকর হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করার লক্ষ্যেই এ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
রোববার বিকেলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট অলোচনায় তিনি এ কথা বলেন।
এরআগে গতকাল শনিবার বিবিসি সংলাপে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছিলেন, কয়েকদিন আগে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ এখন চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং চাল আমদানির কোন প্রয়োজন নেই।
রোববারের সভায় সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি, স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় কমিটি, অর্থ বিষয়ক সংসদীয় কমিটি ও পরিকল্পনা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নানও এতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) চাল আমদানির জন্য ৪৭ কোটি ৬৪ লাখ ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে, যা গত গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬৬ শতাংশ বেশি।

