আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হামলা চালাতে গিয়ে মরক্কোর একটি এফ-১৬ জঙ্গি বিমান নিখোঁজ হয়েছে। মরক্কোর সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ তথ্য জানিয়েছে।
গত বছর ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতি বিদ্রোহীরা। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হাদীকে ক্ষমতাচ্যুত করে তারা। পরবর্তীতে হাদী সৌদি আরব পালিয়ে যান। হুতি বিদ্রোহীদের ক্ষমতা থেকে অপসারণ করতে গত ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন আরবজোট ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। মরক্কো এই জোটের সদস্য। অভিযানে অংশ নেয়া মরক্কোর এফ-১৬ যুদ্ধবিমানগুলি সংযুক্ত আরব আমিরাতের বিমানঘাঁটিতে অবস্থান করছে।
মরক্কোর সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনে হামলা চালাতে যে দুটি এফ-১৬ বিমান রওনা হয়েছিল তার একটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ রয়েছে। বিমানটির পাইলটেরও কোন সন্ধান পাওয়া যায়নি।

