নিজস্ব প্রতিবেদক : অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা করে এবং তার ফলপ্রসূ বাস্তবায়নের মাধ্যমে সেবার দিক থেকে বাংলাদেশকে একটি মেগা ইউনিয়নে পরিণত করা হবে।’
রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মান্নান।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্থানীয় সরকার প্রতিনিধিরা এ মতবিনিময় সভায় অংশ নেন। নিজেদের অভিজ্ঞতার আলোকে স্থানীয় সরকার বাজেটের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
মান্নান বলেন, ‘স্থানীয় সরকার নিয়ে অনেক খেলা হয়েছে। আমরাও আমলাতন্ত্রের জটিলতায় রয়েছি। তবে বর্তমান সরকার সংস্কারের সরকার। তাই পরিবর্তনে বিশ্বাস রেখে আমরা স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমপিদের উপজেলায় উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে, কাজে বাধা দেয়ার জন্য নয়, সার্বিক সহায়তা করার জন্য।’
আলহাজ্জ আব্দুল বাতেনের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলরে প্রফেসর ড. আমীরুল ইসলাম চৌধুরী, বেগম আশানূর বিশ্বাস, মো. মোর্শেদ আলম প্রমুখ।

