আন্তর্জাতিক ডেস্ক : সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
পিয়ংইয়ংয়ের দাবি সত্য হলে তা দেশটি নিরাপত্তার ক্ষেত্রে আধুনিক যুদ্ধাস্ত্রের অগ্রগতির প্রমাণ বহন করে।
কেসিএনএ প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি জাহাজে দাঁড়িয়ে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন।
খবরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঠিক স্থান কিংবা তারিখ উল্লেখ করা হয়নি । তবে শনিবার এক পৃথক বার্তায় কেসিএনএ জানিয়েছে, কিম জং উন সিনপো ফিশারি কমপ্লেক্স থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশনা দিয়েছেন। সিনপো দেশটির পূর্বাঞ্চলীয় সমু্দ্র উপকূল। যা দেশটির একটি সাবমেরিন ঘাঁটি হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও ব্যবহারে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

