আন্তর্জাতিক ডেস্ক : সেই ১৯৮৯ সালে আফগান যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এরপর মিখাইল গর্বাচেভের হাতে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার থেকে বিদায় নেয় সমাজতন্ত্র। সেই থেকে নিজস্ব স্টাইলের পশ্চিমা ধনতন্ত্রই চর্চা করে আসছে দেশটি।
কিন্তু এতো বছর পর দেশটির কমিউনিস্ট পার্টি জোসেফ স্ট্যালিনের মূর্তি উন্মোচন করলো। অথচ ক্রেমলিন থেকে তাদের কোনো বাধা দেয় হয়নি।
জার্মানির নাৎসি বাহিনীর কাছে সোভিয়েতের বিজয়ের ৭০তম বার্ষিকী আজ ৯ মে শনিবার। এ উপলক্ষে গতকাল শুক্রবার মস্কো থেকে প্রায় ৫শ কিলোমিটার দূরে লিপেৎস্ক শহরে এ মূর্তি উন্মোচন করা হয়।
ওই অঞ্চলের কমিউনিস্ট নেতা নিকোলাই রাজভরোৎনেভ বলেন, ‘আমাদের ইতিহাসকে মলিন না করে বরং এর ঔজ্জ্বল্য তুলে ধরা দরকার। বিজয়ের দিনে আমরা তা করার অঙ্গীকার করেছিলাম এবং তা করেছিও।’
স্ট্যালিন তার শাসনামলে লাখ লাখ ভিন্নমতাবলম্বীকে হত্যা করেছেন বলে অনেকে অভিযোগ করে থাকেন। কিন্তু তার সমর্থকেরা বলেন, তার নেতৃত্বেই নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত জয়লাভ করে এবং দেশ শিল্পায়িত হয়।
নিকোলাই বলেন, কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরেই দলের আঞ্চলিক কার্যালয়ের সামনে স্ট্যালিনের মূর্তি নির্মাণের চেষ্টা করছিল। নগর কর্তৃপক্ষ মূর্তি নির্মাণে সুনির্দিষ্টভাবে কোনো বাধা দেয়নি।
তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি যা নিষিদ্ধ নয় তাই অনুমোদিত।’
এদিকে একইদিন কমিউনিস্ট পার্টি ক্রিমিয়ার সিম্ফারোপোলে স্ট্যালিনের জন্যে একটি স্মারক ফলক উন্মোচন করে। উল্লেখ্য, গত বছর রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলে নেয়।
রাশিয়ায় ২০০০ সালে ভ্লাদিমির পুতিনের ক্ষমতা গ্রহণের পর থেকে সোভিয়েত যুগের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করা লোকের সংখ্যা দিনদিনই বেড়ে যাচ্ছে।

