কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘বেসরকারি উদ্যোগে ও সরকারের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়াতেও একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তার এ ঘোষণা বলেও জানান মন্ত্রী।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়ার শিলাইদহে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্র স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহে শান্তিনিকেতনের আদলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। তবে যেকোনো কারণেই হোক বিশ্ববিদ্যালয়টি সিরাজগঞ্জের শাজাদপুরে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তাই কুষ্টিয়ায় বেসরকারি উদ্যোগে একটি রবীন্দ্র বিশ্ববিদল্যায় করা হবে। সরকার এই উদ্যোগে সব ধরণের পৃষ্ঠপোষকতা দেবে।’
পরে মন্ত্রী শিলাইদহ কুঠিবাড়ির স্থায়ী মঞ্চে আয়োজিত তিনদিনের রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন।
‘হে নতুন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ’ জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীদের গাওয়া কবিগুরুর এ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, লেখক গবেষক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরীসহ বিশিষ্টজনরা কবির জীবন দর্শন ও সৃষ্টি নিয়ে আলোকপাত করেন।

