অর্থনৈতিক প্রতিবেদক : জেলা বাজেটের পক্ষে নন অর্থপ্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে থাকলেও সরকার যে জেলা বাজেট প্রণয়নে কাজ করছে তার সঙ্গে আমি একমত নই এবং এটিকে উপযুক্ত বলেও মনে করি না। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে অধিক গুরুত্ব দেয়া উচিত।’
এসময় দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংগঠন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’ শীর্ষক একমত বিনিময় সভায় উপস্থিতিরা এ আহ্বান জানান।
আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে স্থানীয় সরকারের জন্যও যাতে পৃথক ও সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ দেয়া হয় সে জন্য সরকার সংশ্লিষ্ট পক্ষসমূহের দৃষ্টি আকর্ষণ করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আব্দুল মান্নান বলেন, ‘আমি সরকারের কেন্দ্রীয় খেলোয়ার নই। তবে একজন মাঠের খেলোয়ার হিসেবে জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় সরকারকে গুরুত্ব দিয়ে তদসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করা প্রয়োজন বলে মনে করি। স্থানীয় সরকার অর্থনৈতিক কমিশন গঠনের মাধ্য দিয়েও এ সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করা যায়। আর সে কমিশন গঠনে বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ শিক্ষক ও গবেষকদের উপর দায়িত্ব দিতে হবে।’
মূল প্রবন্ধে ড. আমিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকেই আর্থিক সক্ষমতা ও সুশাসনের ক্ষেত্রে সঙ্কটের মধ্যে রয়েছে। এ জন্য একটি স্থিতিশীল স্থানীয় সরকার ব্যাবস্থা প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় সরকার কর্তৃক চাহিদা নিরুপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে তাদের কোনো ভুমিকা নেই। তাছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাই মূলত রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রণয়নে দায়িত্ব পালন করে থাকে। ফলে বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না।
এই বৈষম্যমূলক অবস্থার অবসান করতে হলে প্রথম কাজ হলো আর্থিক বিকেন্দ্রীকরণ করা আর এ জন্য প্রধানতম পদক্ষেপ হলো রাজনৈতিক বিকেন্দ্রীকরণ করা যার উল্লেখ আমাদের সংবিধানে রয়েছে।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে একদিকে জাতীয় সরকারের যেমন ক্ষমতা ও কর্তৃত্ব হস্তান্তর করার ক্ষেত্রে অনীহা রয়েছে; অন্যদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও তাদের নিজস্ব সম্পদ আহরণের ক্ষেত্রে এখনো যথেষ্ঠ সক্ষমতা অর্জন করতে পারেনি।’
এ সময় ড. আমিরুল ইসলাম আর্থিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নীতি-নির্ধারকদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের মনোভাব পরিহার করা, স্থানীয় সরকারগুলোকে জবাবদিহিতার আওতায় আনাসহ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।
গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অর্থনীতিবিদ ড. আমিরুল ইসলাম চৌধুরী।
এছাড়া মুক্ত আলোচনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্থানীয় সরকার প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মেম্বররা তাদের অভিজ্ঞতার আলোকে স্থানীয় সরকার বাজেটের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

