আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে ফরাসি সেনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। বুধবার দেশটির আইন ও বিচারমন্ত্রী অ্যারিস্টিড সোকাম্বি এ তথ্য জানিয়েছেন।
অ্যারিস্টিড সোকাম্বি বলেছেন, ‘এটি গুরুতর অপরাধ। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।’
জাতিসংঘের ফাঁস হওয়া নথির বরাত দিয়ে আন্তর্জাতিক আইনি সহায়তা দানকারী প্রতিষ্ঠান ‘এইডস ফ্রি ওয়ার্ল্ড’ গত সপ্তাহে জানিয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের শিশুদের ওপর শান্তি মিশনে থাকা ফরাসি সেনাদের যৌন নির্যাতন চালিয়েছে । প্রতিবেদনে বলা হয়, ১৪ জন ফরাসি সেনা খাদ্যের বিনিময়ে বেশ কিছু শিশুর উপর যৌন নির্যাতন চালায়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত দেশটির রাজধানী বাঙ্গুইতে এম পোকো আর্ন্তজাতিক বিমানবন্দরের গৃহহীন শিশুদের ওপর এ নির্যাতন চালানো হয়। নির্যাতনের শিকার শিশুদের কারো কারো বয়স ছিল মাত্র নয় বছর। এ অভিযোগ প্রকাশিত হওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখার ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করে ফরাসি সরকার।
২০১৩ সালের ডিসেম্বর থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শুরু হওয়া গৃহযুদ্ধে অন্তত এক হাজার মানুষ নিহত হয়। গৃহহীন হয়েছে প্রায় ৯০ হাজার বাসিন্দা। দেশটির সাবেক উপনিবেশবাদী সরকার ফ্রান্স সেখানে শান্তি প্রতিষ্ঠায় ওই বছরই সেনা পাঠায়।

