চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চার দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় ট্রাক চলাচল শুরু হয়েছে। এতে করে সচল হয়েছে পণ্য পরিবহন।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সমঝোতা বৈঠক শেষে বুধবার দুপুর থেকে ট্রাক চলাচল শুরু হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান জানান, গত চার দিন ধরে সোনামসজিদ স্থলবন্দরে জেলা ট্রাক মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন কয়েক দফা দাবিতে ট্রাক চলাচল বন্ধ রাখে। এতে বন্দর থেকে পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দেয়।
এ ব্যাপারে বুধবার সমঝোতা বৈঠকে ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি আগামী সাত দিনের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মালিক ও শ্রমিক ইউনিয়ন ট্রাক চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা ট্রাক মালিক গ্রুপের আমিনুল ইসলাম সেন্টু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সমম্পাদক আব্দুল খালেক, স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের শফিউর রহমান টানু, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কবিরুল ইসলাম, পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপক প্রবীর কুমার শীল প্রমুখ।
উল্লেখ্য, বন্দোবস্তকারী দালাল, শ্রমিক সমন্বয় ও পানামা পোর্ট লিংকের চাঁদাবাজি এবং শ্রমিকদের হয়রানির প্রতিবাদে গত চার দিন ধরে মালিক ও শ্রমিকেরা সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক চলাচল বন্ধ রাখে।

