আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৫০ বছর পর ফ্লোরিডা এবং কিউবার মধ্যে নতুন করে ফেরি সার্ভিস অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আগামী সেপ্টেম্বর থেকে এই সার্ভিস চালু হওয়ার কথা রয়েছে। ১৯৬০ সালে কিউবার ওপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পর দু দেশের মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
গতবছরের ডিসেম্বরে ওয়াশিংটন কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটির সঙ্গে ফেরি চলাচল পুনরায় শুরু করার প্রস্তুতি শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওবামা সরকার ফেরি চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং তারা চারটি ফেরি কোম্পানিকে লাইসেন্স দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার মিয়ামিভিত্তিক ‘ইউনাইটেড আমেরিকানস শিপিং সার্ভিসেস’য়ের প্রেসিডেন্ট জোসেফ হিনসন এক বিবৃতিতে বলেছেন,‘আজকে একটি বড় ধরনের পদক্ষেপ নেয়া হল। সব আনুষ্ঠানিকতা ভালোভাবেই শেষ হয়েছে। আশা করছি আগামী সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল শুরু হবে।’
দু দেশের মধ্যে ফেরি সার্ভিস পরিচালনার লাইসেন্স পেয়েছে ফ্লোরিডার ফোর্ট লাউডারডেল অঞ্চলের ‘হাভানা ফেরি পার্টনার’। দু দেশের মধ্যে নৌ যোগাযোগ স্থাপণের সুযোগ পেয়ে স্বাভাবতই আনন্দিত ওই কোম্পানি। এ নিয়ে নিজেদের ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানিয়েছে,‘এটি একটি ঐতিহাসিক ঘটনা। ধন্যবাদ প্রেসিডেন্ট ওবামা। আমরা আপনার আপনার কাছে কৃতজ্ঞ।’

