আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভুমিকম্পের পর সেখানে পানিবাহিত অসুখ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। বহু মানুষ খোলা যায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে। তাই পানির উৎসগুলো দুষিত হয়ে পড়ছে।
গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে রাজধানী কাঠমান্ডুসহ আশেপাশের এলাকাগুলির প্রায় দেড় লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার বলে জানানো হয়েছে।
১২ টি দাতা সংস্থার এক প্লাটফর্ম ইউকে ডিজাস্টার ইমার্জেন্সি জানিয়েছে ভুমিকম্পে সেখানে পয়:নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করার ফলে নষ্ট হচ্ছে পানির উৎসগুলি। এর ফলে ভুমিকম্প আক্রান্ত মানুষজনের জন্য বাড়তি ঝুকি নিয়ে আসতে পারে নানান ধরনের অসুখ। কলেরা, ডিসেন্ট্রিসহ অন্যান্য পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে।
সংস্থাটি বলছে কিছু এলাকায় ইতোমধ্যেই ডায়রিয়া ও শ্বাসকস্টজনিত অসুখের কথা শোনা গেছে।বর্ষা মৌসুম আসার আগেই তাই নিরাপদ পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর তা না হলেই বিপদ।

