নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশালে ১০৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেডের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৫টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।
এ উপলক্ষে নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতীক)। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন।
বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের ১৬ জুলাই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে। সরকারের সঙ্গে আইপিপি চুক্তির আওতায় ২০১২ সালে ১০৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেড।
বিদ্যুৎ কেন্দ্রের অপারেশন ম্যানেজার তারেক সাঈদ জানান, কেন্দ্রটিতে গ্যাস ভিক্তিক উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে ৪০ ভাগ জ্বালানী সাশ্রয় হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্সের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এ ব্যাপারে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোস্তফা সিকান্দার আরিফ জানান, এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ মাত্র এক টাকা ৯০ পয়সায় পিডিবি ক্রয় করছে। নতুন বিদ্যুৎ কেন্দ্রটি ঢাকাসহ আশপাশের অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি উন্নতিতে সহায়ক হবে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সুরাইয়া বেগম বাংলামেইলকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন।

