আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট শুক্রবার কয়েকশ ইয়েজিদি বন্দীকে হত্যা করেছে বলে জানা গেছে। ইয়েজিদি এবং ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
ইয়াজিদি প্রগ্রেস পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার মসুলের পশ্চিমাঞ্চলীয় তাল আফার ডিস্ট্রিকে ৩শ বন্দীকে হত্যা করেছে আইএস। ইরাকের ভাইস প্রেসিডেন্ট ওসামা আল নুজাইফি এ ঘটনাকে‘ভয়াবহ এবং বর্বরোচিত’ বলে উল্লেখ করেছেন। গতবছর মসুল দখল করার সময় জিহাদিরা সংখ্যালঘু ইয়াজিদি গোত্রের হাজার হাজার সদস্যকে আটক করেছিল।
তবে আইএস একসঙ্গে এত বন্দীকে কীভাবে হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ওই কর্মকর্তারা।
ইয়েজিদি প্রোগ্রেস এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা ইরাকি সরকারের প্রতি আইএসের হাতে বন্দী বাকি ইয়াজিদিদের ছাড়িয়ে আনার দাবি জানিয়েছে।
গত জানুয়ারি মাসে ২শ ইয়াজিদিকে মুক্তি দিয়েছিল জঙ্গি গোষ্ঠীটি। তবে তাদের কেন মুক্তি দেয়া হয়েছিল সে বিষয়ে তখন তারা খোলাস করে কিছুই জানায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইরাআইএস যোদ্ধাদের বিরুদ্ধে ধারাবাহিক সফলতা পেয়েছে এবং বেশ কিছু এলাকাও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী। তবে এখনো বহু ইয়াজিদি গ্রাম তাদের দখলে রয়েছে।

