আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর চালানো বিমানহামলায় কমপক্ষে ৫২জন নিহত হয়েছে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। শনিবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, শুক্রবার আলেপ্পোর বিরমাহলি গ্রামে জোটের বিমান হামলায় ৫২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে। এছাড়া ১৩জন পাথরের মধ্যে আটকা পড়ে আছে।
তবে এ ব্যাপারে যৌথবাহিনীর পক্ষে কিছুই জানানো হয়নি।
এর আগে গত মাসে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় সিরিয়ায় ২ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৯শ ২২জনই আইএস যোদ্ধা।

