ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল বুদ্ধ পূর্ণিমা

Link Copied!

buddhaনিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান পুরুষ গৌতম বুদ্ধের জন্মোৎসব।
গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে ২ হাজার ৫৫৮ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস, গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয়ে উপলব্ধি করেন। মানবজীবনের দুঃখ তার দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু- এ চারটির কারণ উদ্ঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। এক সময় রাজপ্রাসাদের বিত্তবৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধি লাভের পন্থা অন্বেষণে বেরিয়ে পড়েন অজানার পথে। ৬ বছর সাধনার পর গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হন।
সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। পরে বুদ্ধ পূজা, মহাসংঘদান, মহা অষ্টপরিষ্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি পালিত হবে। এরমধ্যে জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা।
যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায় নিজেদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল সরকারি ছুটির দিন।
রোববার সকাল সাড়ে ৭টায় সবুজবাগ বৌদ্ধবিহারের আয়োজনে ধর্মরাজী বৌদ্ধবিহার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ৯টায় অনুষ্ঠিত হবে স্বধর্মসভা। এতে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া। বিকেল ৫টায় সবুজবাগ বিহার মিলনায়তনে ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মের মূল চেতনা- সাম্য, মৈত্রী, শান্তি ও ভ্রাতৃত্ববোধের আলোকে বিশ্বময় মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। নেতারা আশা প্রকাশ করেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে বৌদ্ধ পূর্ণিমা সকলের জন্যে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বারতা বয়ে আনবে।