নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ। আগামীকাল রোববার ৬টি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে চারটি বিদ্যুৎকেন্দ্র, একটি উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইন ও একটি বিদ্যুৎ উপকেন্দ্র।
চার কেন্দ্র থেকে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট। এছাড়া মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কিলোভোল্ট (কেভি) সঞ্চালন লাইনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- সিনহা পিপলস এনার্জির মুন্সিগঞ্জের কাঠপট্টিতে ৫২ মেগাওয়াট, রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার কোম্পানির ঘোড়াশাল ১০৮ মেগাওয়াট, ডিজটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটসের নারায়ণগঞ্জের গগননগরে ১০২ মেগাওয়াট ও রাজলঙ্কা পাওয়ার কোম্পানির নাটোর ৫২ মেগাওয়াট ক্ষমতার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইনটি নির্মাণ করেছে পাওয়াগ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এর মাধ্যমে মেঘনাঘাট কেন্দ্রর বিদ্যুৎ ঢাকা শহরের পশ্চিম অংশে সরবরাহ করা হবে। অন্য প্রকল্পটি হলো লালবাগ ১৩২/৩৩/১১ কেভি উপ-কেন্দ্র। এটি নির্মাণের ফলে রাজধানীর ৮০ হাজার বিদ্যুৎ গ্রাহক সেবা পাবে।

