অর্থনৈতিক প্রতিবেদক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে (২০১৫-১৭) ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ নামে প্যানেল ঘোষণা করেছেন সভাপতি প্রার্থী মনোয়ারা হাকিম আলী। অর্থনীতির মূল ধারার সঙ্গে নারীদের সম্পৃক্ত করা এ প্যানেল মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে একটি সংবাদ সম্মেলনে সদস্যদের নাম ঘোষণা করেন এফবিসিসিআইয়ের বর্তমান প্রথম সহ-সভাপতি প্যানেল লিডার মনোয়ারা হাকিম।
স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেলের সদস্যরা হলেন- চট্টগ্রাম উইমেন চেম্বারের মনোয়ার হাকিম আলী, সাতক্ষীরা চেম্বারের আবুল কাসেম আহমেদ, লক্ষীপুর চেম্বারের দেওয়ান সুলতান আহমেদ, কুষ্টিয়া চেম্বারের বিজয় কুমার কেজরিওয়াল, মুন্সিগঞ্জ চেম্বারের মুহাম্মাদ তুহিনুর ইসলাম, মানিকগঞ্জ চেম্বারের তাবা রাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, শেরপুর চেম্বারের মো. মাসুদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের হাসিন আহমেদ, জয়পুরহাট চেম্বারের মো. আমিনুল বারী, নড়াইল চেম্বারের মো. হাসানুজ্জামান, কুমিল্লা চেম্বারের মাসুদ পারভেজ খান (ইমরান), ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের তানজিল আহমেদ, নেত্রকোণা চেম্বারের হুমায়ূন রশিদ খান পাঠান (রুমেন), নীলফামারী চেম্বারের মো.আবুল ওয়াহেদ সরকার, গুলশান উইমেন চেম্বারের আনজুমান সালাউদ্দিন, রাঙামাটি চেম্বারের রেজা খান ফারুক।
প্যালেন লিডার বলেন, ‘রুপকল্প ২০২১ বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়নের মূধারার সঙ্গে নারীদের সম্পৃক্ত করা এ প্যানেলের লক্ষ্য। এছাড়া ব্যাবসায়ীদের দীর্ঘদিনের দাবি ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনা ও এসএমই খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করবে এ প্যানেল। সেইসঙ্গে শেয়ার বাজার ও আর্থিক খাতে জবাবদিহিতা সৃষ্টি করে বিনিয়োগকারীদের আস্থা পেতে কাজ করবে এ প্যানেল।’
এ প্যানেলটি অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে কোনো সদস্যের নাম ঘোষণা করেনি। তবে দুই একদিনের মধ্যে এটি জানা যাবে।
এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআই বোর্ড গঠন হবে। এরমধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ৩০ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ১৯৩ জনকে প্রাথমিকভাবে ভোটার করা হয়েছে। এরমধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৬৩ জনকে ভোটার করা হয়েছে।

