অর্থনেতিক প্রতিবেদক : টানা কয়েক বছর ধরেই দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল পর্যায়ে অবস্থান করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা বৃদ্ধিই প্রবৃদ্ধির এই স্থিতিশীলতার মূল কারণ। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এভাবেই বারবার প্রতিধ্বনিত হয়েছে নারীদের জয় জয়কার।
বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রোটিনা হোমমেইড ফুডস যৌথ উদ্যোগে ‘এমপাওয়ারিং এসএমই ওমেন এন্টারপ্রেনার্স ইন ফুডস প্রসেসিং: ডায়াবেটিক অ্যান্ড ফাংশনাল ফুড’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
সেমিনারে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালোয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন বলেন, ‘বেঁচে থাকার জন্য খাদ্য নিরাপত্তার পাশাপাশি গুণগতমান নিশ্চিত করা
দরকার। নারীরাই এর গুরত্ব সবচেয়ে বেশি বোঝেন।’
তিনি বলেন, ‘এখন সব কাজেই নারীদের অংশগ্রহণ পুরুষদের চাইতে বেশি। এমনকি আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন সম্মিলিতভাবে কাজ করতে পারলেই আমরা এগিয়ে যাবো।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভট্ট বলেন, ‘বাংলাদেশের এসএমই খাত ক্রমবর্ধমান। এজন্য আমরা যারা এ নিয়ে কাজ করি, তারা গর্ববোধ করি।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমরা চাই সব সেক্টরে ঋণের সুষম বণ্টন। তবে নারী উদ্যোগ এবং এসএমইকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া আছে। নারীরা চাইলেই এ সুযোগ কাজে লাগাতে পারেন।’
তিনি আরো বলেন, ‘কৃষি পণ্য বিশেষ করে খাদ্যের গুরুত্ব যেহেতু বেশি, তাই এ খাতের সম্ভবনাও প্রচুর। এ সুযোগ ঠিকমত কাজে লাগাতে পারলে নতুন মাত্রা যুক্ত হবে। এক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোই সবচেয়ে ইতিবাচক হতে পারে।’
আলোচনায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেইন বলেন, ‘বর্তমানে এসএমইকে অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়। বাংলাদেশে এ খাতে নারীর অবদানই সবচেয়ে বেশি।’
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, নারীরা ব্যবসা পরিচালনার জন্য ঋণসহ অন্যান্য সুবিধা সম্পর্কে অবগত নন। সকলে এগিয়ে আসলে এ অবস্থার পরিবর্তন হতে পারে।’
মিডল্যান্ড ব্যাংকের প্রধান নির্বাহী আহসান-উজ-জামান বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তিনটি বিষয় স্তম্ভ হিসেবে কাজ করছে। এগুলো হলো-
তৈরি পোশাক খাত, প্রবাসী আয় এবং নারীর ক্ষমতায়ন।’
এবি ব্যাংকের প্রেসিডেন্ট শামীম আহমেদ চৌধুরী বলেন, ‘এ কথা স্বীকার করতেই হবে যে, এসএমই প্রবৃদ্ধির মূল ইঞ্জিন। আর একটি হলো কৃষি খাত। দুটিকে এক করতে পারলে এ গতি আরো বৃদ্ধি পাবে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এমনটি করার প্রয়োজন রয়েছে।’
সিরডাপের পরিচালক ইভা বলেন, ‘খাদ্য প্রস্তুতে নারীদের দক্ষতা প্রাকৃতিক। তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাও সহজতর। আশা করি, এ দেশে সুষম ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলেই এ সুযোগকে কাজে লাগাবেন।’

