ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মত রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়ালো

Link Copied!

Reserveঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৪ বিলিয়ন ডলার ছাড়ালো। যা বাংলাদেশে এই প্রথম। এর আগে গত ফেব্রুয়ারিতে রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।
গত বুধবার ২৪ বিলিয়ন ডলারের রিজার্ভে রেকর্ড হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, রপ্তানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, ‘বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে রিজার্ভের এ পরিমাণ সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিলো। মূলত অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ার ফলে আমদানি চাহিদা তুলনামূলক কম থাকা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশের এই রিজার্ভ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে থাকা ভারতে বর্তমান রিজার্ভ রয়েছে ৩১৫ বিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ রয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর আগে গত ৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
প্রাপ্ত তথ্য মতে, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত আট মাসে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ২৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৩ শতাংশ বেশি। আর এসময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৭ দশমিক ২১ শতাংশ বেশি। ২০১৩-১৪ অর্থবছর শেষে রেমিট্যান্স ১ দশমিক ৬১ শতাংশ কমার পর এবারের এই প্রবৃদ্ধি রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও গত ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসে ২ হাজার ৬৪৩ কোটি ডলারের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২০ শতাংশ বেশি। তবে এসময়ে আবার বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার ফলে সামগ্রিকভাবে রিজার্ভ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।