নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ নেপালের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সব সময় পাশে থাকবে। সবার কাছে আমাদের আহ্বান আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেপালের পাশে দাঁড়ান।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নোঙ্গর’,‘নদীও নিরাপত্তার সামাজিক সংগঠন’ আয়োজিত ‘নেপালের জন্য হাত বাড়াও’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উদ্ধারকারী দল, চিকিৎসক টিমসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নেপালে পৌঁছেছে। এখন সবাই নিজ নিজ অবস্থান থেকে নেপালের পাশে দাঁড়ান।’
তিনি বলেন, ‘পার্শবর্তী দেশ হিসেবে বাংলাদেশও এই প্রাকৃতিক ঝুঁকির বাইরে নয়। তাই আমাদেরকে আরো প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘নেপালের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সব বিমানবন্দর মুক্ত রাখা হয়েছে। বাংলাদেশের অন্তিম বন্ধু দেশ নেপালের এই দূর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশ পাশে থাকবে।’
বক্তারা বলেন, প্রতি বছর যেভাবে উঞ্চতার মাত্রা পূর্বের রেকর্ড ছাড়াচ্ছে তাতে নগর সভ্যতা যেন দিন দিন মৃত্যু ফাঁদ হয়ে উঠছে। তা থেকে রক্ষা পেতে হলে, আমাদের পরিবেশবান্ধব নগর নির্মাণ করতে হবে। সম্প্রতি নেপালের ভূমিকম্পে অসংখ্য মানুষ নিহত হয়, আর আহত আরো অনেক। তাদের এই শোকাতুর মুহূর্তে আমরাও গভীর ভাবে শোকাহত। তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সব মানুষের প্রতি আহ্বান।
মানববন্ধনে সংগঠনের সভাপতি সুমন শামসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মীর আকরাম উদ্দিন আহমেদ, কথা সাহিত্যিক মনির জামান, ছাত্র নেতা মানব কুমার প্রমুখ।

