বগুড়া প্রতিনিধি : আট দফা দাবিতে রাজশাহী বিভাগীয় এলপি (তরলীকৃত পেট্রোলিয়াম) গ্যাস পরিবেশক সমিতি আগামী মে মাস থেকে গ্যাস উত্তোলন বন্ধ করা ঘোষণা দিয়েছে।
গত রোববার সমিতির বগুড়ার বিভাগীয় অফিসে অনুষ্ঠিত জরুরি সভায় উত্তরাঞ্চলের প্রতিটি জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ৩০ এপ্রিলের মধ্যে কতিপয় সিলিন্ডারের ওপর সরকার নিয়ন্ত্রিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পারির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গেল মার্চ মাসে চিঠি দেয়া হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ অবস্থায় সমিতির জরুরি সভায় ৮ দফা দাবি জানানো হয়েছে।
দাবীগুলোর মধ্যে রয়েছে- সিলিন্ডারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ত্রুটিপূর্ণ সিলিন্ডার মেরামত, সিলিন্ডারের ওজন সাড়ে ১২ কেজি নিশ্চিতকরণ, শতকরা ১০ ভাগ হারে কমিশন প্রদান, ঢালাওভাবে ডিলার নিয়োগ বন্ধ, চাহিদা মাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহ করা। এসব দাবি আদায়ের লক্ষ্যে পহেলা মে থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বগুড়া ও বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরাঞ্চলের কোনো ডিলার গ্যাস উত্তোলন করবে না। এসব দাবি সম্বলিত সমিতির চিঠি বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পাদ মন্ত্রণালয়ের সচিব, বিপিসি চেয়ারম্যান, সরকার নিয়ন্ত্রিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির জেনারেল ম্যানেজার, উত্তরাঞ্চলের সব জেলা প্রশাসক (ডিসি), পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির রাজশাহী ও রংপুর বিভাগের সহকারী জেনারেল ম্যানেজারকে দেয়া হয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
সমিতির সহ-সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাধারণ সম্পাদক আহসানুল রশিদ ডাবলুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল রশিদ ডাবলু জানান, ডিলারদের ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের কোনো ডিলার গ্যাস উত্তোলন করবে না। দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও বিপিসি কর্ণপাত করে না।

