আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসীকেন্দ্রিক সহিংসতাকে পুঁজি করে এ মুহূর্তে নতুন করে অস্থিতিশীলতার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ পদক্ষেপ হিসেবে পুলিশ অবৈধ অভিবাসীদের আটকের জন্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
স্বর্ণশহর জোহানেসবার্গের দুটি অংশকে ঘিরে এ অভিযান পরিচালিত হচ্ছে। এখনও পর্যন্ত কাগজপত্রবিহীন ৫০জন অভিবাসীকে আটক করার খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ-মুখপাত্র লে. কর্নেল লুঙ্গেলো দ্লামিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জোহানেসবার্গের মেফেয়ার এবং হিলব্রোকে ঘিরে পরিচালিত অভিযানে পুলিশের সঙ্গী হয়েছে দ. আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী এবং অভিবাসন দপ্তরের পদস্থ কর্মকর্তারা। যৌথ এ বাহিনীর কর্মীরা এ অভিযানকে সাঁড়াশি অভিযান বলতে নারাজ। তাদের ভাষ্য- এটা সাধারণ ‘স্টপ এন্ড চেক’ মাত্র এবং অপরাধ দমনের জন্যে এটা জরুরী।
দক্ষিণ আফ্রিকার ডারবান ও জোহানেসবার্গে গত দুই সপ্তাহ জুড়ে চলছে অভিবাসীদের ওপর স্থানীয়দের সহিংসতা। তার জের ধরে এখনও পর্যন্ত হত্যা করা হয়েছে সাতজনকে। দেশটির রাষ্ট্রপ্রধান জ্যাকব জুমা এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। জুলু রাজার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি তা অস্বীকার করেছেন।

