নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’ ১৯৭৩ এর দু’টি ধারায় আদালত অবমাননা সংক্রান্ত বিধানকে চ্যালেঞ্জ করে করা রিট নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে আদালত অবমাননায় অভিযুক্ত যে কেউ ইচ্ছা করলে আপিল বিভাগে আপিল করতে পারবেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম । অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে ২৩ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে গত ১ এপ্রিল রুল জারি করেন ট্রাইব্যুনাল। বুধবারই তারা রুলের জবাবও দিয়েছেন। আগামী ৬ মে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ট্রাইব্যুনালে।
অভিযুক্ত নারী অধিকারকর্মী শিরিন পারভিন হক, সাংবাদিক ও লেখক আফসান চৌধুরীসহ ২৩ জনের মধ্যে ১২ ব্যক্তি রিটটি দায়ের করেন। রিটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’ ১৯৭৩ এর ১১(৪) ও ২১ ধারা দু’টি ধারায় বর্ণিত আদালত অবমাননাকারীদের আপিলের অধিকার নিশ্চিত না করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- সে মর্মে রুল চাওয়া হয়েছিল। একই সঙ্গে ট্রাইব্যুনাল-২ এর আদালত অবমাননার মামলাটি স্থগিত করার আবেদন জানানো হয়েছিল। আরো যে ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন। ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে ওই বিবৃতি দিয়েছিলেন ৫০ বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে মানবাধিকার কর্মী ও নারীনেত্রী খুশি কবির পরে জানিয়েছিলেন, বিবৃতিটিতে তিনি স্বাক্ষর করেননি বা এর সঙ্গে তার সম্পর্ক নেই। বিবৃতি প্রকাশ করা প্রথম আলোও সেটি নিশ্চিত করে। এ কারণে খুশি কবিরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বাকি ৪৯ জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- সে মর্মে ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল।

