নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। এটাকে মেনে নেয়ার মানসিকতা সবার থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পরাজিত হলেও আমরা ফলাফল মেনে নেবো। বিএনপিকেও সেই মানসিকতা লালন করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকাল আটটায় ঢাকা দক্ষিণে ঢাকা সিটি কলেজ সেন্টারে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঠিক আটটায় তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ইলিশ, পানপাতা এবং ঘুড়ি মার্কায় ভোট দিয়েছেন।
শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার। মঙ্গলবার সিটি কলেজের ২১৫ নম্বর মহিলা বুথে তিনি ভোট দেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি দেশের জন্য কাজ করছি। খুবই ভালো লাগছে, কারণ আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে পেরেছি। আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক, এটাই চাই।’
অতীতের ‘ভোটজালিয়াতি’র কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘৮১ সালের রাষ্ট্রপতির নির্বাচনের কথা মনে আছে। তখন তো মানুষের ভোট দেয়ার সুযোগই ছিল না। এরপরও দেখেছি, কীভাবে ভোটজালিয়াতি করা হয়েছে। ’
আটটা ১৬ মিনিটে তিনি ভোটকেন্দ্র থেকে বের হন। ভোটকেন্দ্রে তিনি নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিন সিটিতেই উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আশা করছি সুষ্ঠুভাবেই সবকিছু সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ।
ঢাকা সিটি কলেজ সেন্টারে ভোটারের সংখ্যা ২৩৮৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৩৬৬। আর মহিলা ভোটার ১০৮২। বুথের সংখ্যা ৬টি। পুরুষদের জন্য তিনটি। আর মহিলাদের জন্য তিনটি। এ কেন্দ্রে বিএনপি সমর্থিত মগ মার্কার পোলিং এজেন্ট রয়েছেন ৬ জন। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের পোলিং এজেন্ট রয়েছেন ১৭ জন।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুর রহমান বলেন, সকাল আটটায় প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন। এর পরই জনসাধারণ ভোট দেয়া শুরু করেছেন। এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। সকালে ভোটারের উপস্থিতি কম। আশা করছি ভোটারের সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে।
রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামসহ তিন সিটি নির্বাচনে আজ সকাল আটটা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে।

