আন্তর্জাতিক ডেস্ক : নেপাল, ভারত এবং বাংলাদেশের পর এবার ভূমিকম্পের খবর পাওয়া গেছে পাকিস্তানেও। মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এতে ওই অঞ্চলের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।
পাকিস্তানের আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার সকালে তাজাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের ১৪৪ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার, মালাকান্দ, সেয়াত, উপ্পার এবং লোয়ার দির এলাকাগুলোতে ভূকম্পন অনুভূত হয়েছে। এসময় ভীত সন্ত্রস্ত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ মারা গেছে। ওই ভূমিকম্পের ধাক্কা এসে লেগেছিল বাংলাদেশ এবং ভারতেও। এবার পাকিস্তানেও ভূকম্পন হল।
তবে দেশটিতে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। ভূমিকম্প জোনে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০১৩ সালের সেপ্টেম্বরে ৭.৭ মাত্রার ভূমিকম্পে বেলুচিস্তানে ৩৭৬ জন নিহত হয়েছিল। পাকিস্তানে ২০০৫ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল ৭৩ হাজার মানুষ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬।

