আন্তর্জাতিক ডেস্ক : আসছে ৯ মে রাশিয়া উদযাপন করতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়লগ্ন, এক নতুন মডেলের সাঁজোয়া পথে নামিয়ে। আরও ক্ষমতাবান, আরও আধুনিক এ সাঁজোয়ার নাম আমার্তা টি-১৪।
৯ মে’র জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজে আলো ছড়াবে আমার্তা। সে আলোর মধ্য দিয়ে রাশিয়া তৎকালীন শত্রুরাষ্ট্র নাজি জার্মানিকে হারানোর সাফল্য রোমন্থন করবে। বলা যায় ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর ৭০ তম বছরটি বেশ জমকের সঙ্গে পালন করতে যাচ্ছে রাশিয়া।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র অনেক রাষ্ট্রই রাশিয়ায় যাবেন না, অনুষ্ঠানে যোগ দানের জন্যে। কেননা ইউক্রেন ইস্যু এখন সমঝোতার মধ্যখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এবং তার প্রভাব দেশগুলোর সাবেক সৌহার্দ্যকে স্মৃতি করে দিয়েছে।
সেসবের তোয়াক্কা করছে না রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই সমস্ত আয়োজনের সিংহভাগ সম্পন্ন করেছে। এবং প্রতিরক্ষাকে আরও শক্তিমত্ত করার মতো সাঁজোয়ার নকশা প্রকাশ করছে।

