আন্তর্জাতিক ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজারে গিয়ে ঠেকতে পারে। তিনি উদ্ধার তৎপরতা জোরদার করারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিদেশিদের কাছে তাঁবু এবং ওষুধ সহায়তার অনুরোধ করেছেন তিনি।
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কৈোলা বলেন,‘উদ্ধার এবং ত্রাণ বিতরণে তার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিকম্প আক্রান্তদের পর্যাপ্ত সেবা দেয়া তার সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ।’
গত শনিবারের ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত ৪ হাজার ৩শ ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছুলে শনিবারের এই ভূমিকম্প হবে ক্ষয়ক্ষতির দিক দিয়ে গত একশ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এর আগে ১৯৩৪ সালের ভূমিকম্পে দেশটিতে সাড়ে ৮ হাজার মানুষ নিহত হয়েছিল।
শনিবার নেপালে যখন ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী কৈরালা।রোববার তিনি দেশে ফিরে আসার পর উদ্ধার এবং ত্রাণ তৎপরতা তদারকি করছেন।
তিনি এই দুর্যোগ মোকাবেলায় বাইরের দেশগুলোর কাছে আরো সহযোগিতা চেয়েছেন। তিনি জানিয়েছেন, নেপালে এখন প্রচুর তাঁবু আর ওষুধ দরকার। কেননা ভূমিকম্পে ঘর-বাড়ি হারানো বহু মানুষ এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।

