আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যমণ্ডিত দেশ চিলি। এর দক্ষিণে জীবন্ত আগ্নেয়গিরি কালবুকো থেকে গত সপ্তাহে দুই দফায় অগ্ন্যুৎপাত হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, আবারও হতে পারে অগ্ন্যুতপাত। পর্বতের চতুর্পাশ্বের পরিবেশ তেমনটারই ইঙ্গিত দিচ্ছে।
পুনরায় অগ্ন্যুৎপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিলেও বর্তমানে প্রাকৃতিক পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসায় স্বাভাবিক জীবনযাত্রা আবারও শুরু হয়েছে উপদ্রুত অঞ্চলে। দুর্যোগ মোকাবেলায় সাবধানতা অবলম্বনে দূরপাল্লার বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল দেশটিতে, তা চালু করা হয়েছে।
কালবুকোর নিকটবর্তী বসবাসরত প্রায় ৬,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই ফিরে আসছেন, নিজ নিজ বাড়িঘর মেরামত করতে শুরু করেছেন। কিন্তু পুনর্গঠনের কাজ ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে অগ্ন্যুৎপাত-পরবর্তী ছাই বাতাসে ছড়িয়ে পড়ার কারণে।
পরিবেশ বিশেষজ্ঞরা আরও এক আশঙ্কার কথা বলেছেন যা উড়িয়ে দেয়া যাচ্ছে না। জলবায়ুগত কারণে নিয়মিত বৃষ্টিপাত যদি মুসলধারে ঘটে, তাহলে বাতাসে উড়তে থাকা ছাইয়ের সঙ্গে মিলে মিশে সেগুলো পুরু কাদায় ঢেকে ফেলবে পুরো অঞ্চল। তখন নতুন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

