নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতে ব্যাংক বহির্ভূত একটি আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত নতুন এ আর্থিক প্রতিষ্ঠানের নাম অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানটিকে ব্যবসা পরিচালনার সম্মতি দেয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গতআল দুপুরে বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, লাইসেন্স পেতে যাওয়া এ প্রতিষ্ঠানটি দেশিয় ও বিদেশি (জয়েন্ট ভেঞ্চার) মালিকানায় ব্যবসা পরিচালনা করবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বোর্ডের সদস্য ড. সাদিক আহমেদ বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটিকে ব্যবসা পরিচালনার আগ্রহপত্র (এলওআই) দেয়ার বিষয়ে একমত হয়েছি। এখন আর্থিক প্রতিষ্ঠান আইনের আওতায় তারা ব্যবসার প্লান দাখিল করবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সন্তুষ্ট হলে তাদের চূড়ান্ত লাইসেন্স দেয়া হবে।
এতগুলো আর্থিক প্রতিষ্ঠান থাকার পরও নতুন করে এ প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েক বছর বেসরকারি খাতে প্রবৃদ্ধি সেভাবে বাড়ছে না। অথচ জাতীয় প্রবৃদ্ধি ৭ থেকে ৮ শতাংশে উন্নীতকরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। আমাদের আরও বেশি পরিমাণ বেসরকারি বিনিয়োগ দরকার। তাছাড়া যে প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনার আগ্রহপত্র দেয়ার বিষয়ে সম্মতি হয়েছে সেটির বিজনেস প্রফাইল অত্যন্ত ভাল। এর সঙ্গে যারা জড়িত তাদের সবাই শিক্ষিত। প্রতিষ্ঠানটি জয়েন্ট ভেঞ্চারে কার্যক্রম পরিচালনা করবে। তাদের বিদেশি শেয়ার থাকায় দেশে বৈদেশিক মুদ্রার অন্তঃপ্রবাহও ঘটবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে বৈধ আর্থিক প্রতিষ্ঠান আছে ৩১টি।

