নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে আহতদের সহায়তা দিতে আগামী দু’এক দিনের মধ্যে একটি মেডিকেল টিম নেপালে পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণকালের ভয়াবহতম এই দুর্যোগে নেপালের জনগণের দিকে মানবিক সাহায্যের হাত বাড়াতে অর্থোপেডিক, নিউরোসায়েন্স বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ৩০ জনের একটি তালিকা জরুরি ভিত্তিতে প্রস্তুত করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন।
এই মেডিকেল টিমের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, ব্যাথানাশক ওষুধ, প্লাস্টার ও ড্রেসিং সামগ্রী পাঠানো হবে।

