নিজস্ব প্রতিবেদক : আগামী নভেম্বরে ইতালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল মেশিনারি প্রদর্শনী ইটমা ২০১৫। আসছে ১২ নভেম্বর ইতালির মিলানে এই প্রদর্শনী শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এটি এ প্রদর্শনীর ১৭তম আসর।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রদর্শনীর সার্বিক বিষয় তুলে ধরেন আয়োজক আয়োজক প্রতিষ্ঠান এমপি এক্সপোজিশনের রিজিওনাল মার্কেটিং কমিউনিকেশন ডিরেক্টর দেপনি পুন।
দেপনি পুন জানান, বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল মেশিনারিজের এই প্রদর্শনীর মূল লক্ষ্য হচ্ছে বস্ত্রখাতে ক্রমাগতভাবে যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে তার সঙ্গে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পরিচিতি করিয়ে দেয়া। ১৯৫১ সাল থেকে প্রতি চার বছর পর পর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। এর মাধ্যমে বিশ্বের সব পণ্য উৎপাদনকারী, প্রতিনিধি ও ব্যবসায়ীরা তাদের শিল্পের জন্য উন্নতমানের মেশিন, মালামাল, যন্ত্রপাতি এবং এর উৎস সম্পর্কে জানতে পারেন। প্রয়োজন অনুযায়ী ক্রয়ও করতে পারেন।
বিজিএমইএয়ের সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, ‘২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যকে অর্জন করতে উন্নত প্রযুক্তির কোনো বিকল্প নেই। বর্তমানে টেকসই শিল্পায়নে বড় বাধা জ্বালানি ঘাটতি। এজন্য জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে আমাদের মনযোগী হতে হবে। এক্ষেত্রে ইতালির মিলানে অনুষ্ঠিতব্য ইটমা-২০১৫ প্রদর্শনী বড় ভূমিকা রাখবে।’
আইটিইটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জি. মো. শফিকুর রহমান বলেন, ‘টেক্সটাইল শিক্ষার প্রসার হচ্ছে দেশে। এটিকে আরো এগিয়ে নিতে আমাদের এ প্রদর্শনীতে অংশ নেয়া দরকার। পরিবেশবান্ধব শিল্পায়নের বিকল্প নেই। কত কম পানি ব্যবহার করে কারখানা চালানো যায় সেদিকেও আমাদের নজর দিতে হচ্ছে। এ প্রেক্ষাপটে ইতালির এ প্রদর্শনী আমাদের জন্য দারুণ সুযোগ সৃষ্টি করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল টুডে সম্পাদক এস.এম. তারেক আমীন।

