আ
ন্তর্জাতিক ডেস্ক : শনিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ, ভারত ও নেপালে একসঙ্গে ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে ওই ভূমিকম্প হয় নেপালের রাজধানী থেকে ৪৮ মাইল দূরের পোখরা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৭ দশমিক ৫। ভূমিকম্পে রাজধানী কাঠমাণ্ডুর বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কীনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ভূমিকম্পের পর বন্ধ করে দেয়া হয়েছে কাঠমাণ্ডু বিমানবন্দরটি।
শনিবার নেপালের পাশাপাশি ভারতেও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকার অনলাইন ভার্সনে জানানো হয়েছে, দিল্লি, লক্ষ্নৌ, কোলকাতা, রাঁচি, জয়পুর, গৌহাটি এবং উত্তর ভারতের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় ওইসব এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের আবহাওয়া দপ্তরের ভূমিকম্প বিভাগের প্রধান জেএল গৌতম জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টা ৪১ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি দেশের বিভিন্ন স্থানে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপাল।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,‘আমরা এ বিষয়ে খোঁজ- খবর নিচ্ছি এবং নেপাল ও দেশের আক্রান্ত এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছি।’

