আন্তর্জাতিক ডেস্ক : ঘড়ি আর চকলেটের জন্য বিখ্যাত সুইজারল্যান্ড এ বছর বিশ্বের সবচাইতে সুখী দেশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে বাংলাদেশের সুখ এ বছর কিছুটা কমেছে। ১৫৮টি দেশের মধ্যে সুখ বিবেচনায় বাংলাদেশের অবস্থান এবার ১০৯য়ে। গত বছর ছিল তালিকার ১০৮তম স্থানে । এক বছরের ব্যবধানে সূচকের এক ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ।
শুক্রবার বিশ্বের সুখী দেশগুলোর এই তালিকা প্রকাশ করেছে সাস্টেনেবল ডেভলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) । এ নিয়ে তৃতীয়বারের মত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা বিশ্ব সুখ সূচক প্রকাশ করল এসডিএসএন।
সুইজারল্যান্ডের পর এই সূচকের শীর্ষ দশের বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওেয়, কানাডা, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, ও অস্ট্রেলিয়া। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মানুষের কাছে সবচেয়ে কাঙ্খিত দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান ১৫তে। তালিকায় ২১ নম্বরে রয়েছে যুক্তরাজ্য।
তবে যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও বেশ ভালো অবস্থানে রয়েছে ইরাক। দক্ষিণ আফ্রিকা, ভারত, কেনিয়া এবং বুলগেরিয়ার মত দেশগুলোকে পিছনে ফেলে এটি উঠে এসেছে সূচকের ১১২তম স্থানে।
বিপরীতে সবচেয়ে দুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে টোগো। এ তালিকার উপরের দিকে থাকা অন্য দেশগুলো হচ্ছে, বুরুন্ডি, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, বেনিন, রুয়ান্ডা, বুরকিন ফাসো, আইভরি কস্ট এবং আফগানিস্তান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে পাকিস্তান। সূচকে দেশটির অবস্থান ৮১ নম্বরে। তালিকার ১১৭তম স্থানে রয়েছে ভারত এবং ১১৩তম স্থানে শ্রীলংকা।
বিভিন্ন দেশের মাথাপিছু আয়, জাতীয় আয় বৃদ্ধি , গড় আয়ু, সামাজিক সহায়তা, স্বাধীনভাবে জীবন ধারণের অধিকারের ভিত্তিতেই বিশ্বের সুখী দেশগুলোর এই সূচক তৈরি করেছে এসডিএসএন।

