সাভার প্রতিনিধি : পুলিশের অবহেলায় দুর্বৃত্তদের হাতে অপহৃত মাদরাসাছাত্র রাসেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা কবির হোসেন।
নিখোঁজের ১৪ দিন পর শুক্রবার দুপুরে আড়াগাঁও এলাকার একটি কূপ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে, ১০ এপ্রিল বাড়ির পাশের একটি মাঠে খেলা শেষ করে প্রতিবেশী জামিরের বাড়িতে যায় রাসেল। পরে সেখান থেকে নিখোঁজ হয় সে। নিহত রাসেল আশুলিয়ার আড়াগাঁও এলাকার একটি মাদরাসার ছাত্র ছিল।
নিহতের পারিবার জানায়, ১০ এপ্রিল বিকেলে বাড়ির পাশে খেলা শেষে প্রতিবেশী জামিরের বাড়িতে যায় রাসেল। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। প্রতিবেশী জামিরও তার কোনো সন্ধান দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ঘটনার পর দিন রাসেলের বাবা আশুলিয়া থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করেন।
শুক্রবার দুপুরে স্থানীয় একটি কূপের ভেতর থেকে মৃত মানুষের দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ রাসেলের গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জামা-কাপড় দেখে ছেলের লাশ সনাক্ত করেন কবির হোসেন।
তিনি অভিযোগ করে জানান, ছেলেকে না পেয়ে নিখোঁজের পরদিনই তিনি আশুলিয়া থানায় জিডি করেন। এর পরদিন তার ভাইয়ের মুঠোফোনে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালেও তারা গুরুত্ব না দেয়ায় তার ছেলে দুর্বৃত্তরা হত্যার পর কূপে ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যদি কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে অব্যশই ব্যবস্থা নেয়া হবে।

