আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেত্রাউসকে দুই বছরের স্থগিত কারাদণ্ড ও ১ লাখ ডলার জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালতে দোষ স্বীকারের পর তাকে এসব দণ্ডাদেশ দেয় নর্থ ক্যারোলাইনার চার্লটির ম্যাজিস্ট্রেট আদালত।
মার্কিন চার তারকার জেনারেল ডেভিড পেত্রাউস ২০০৭ সালে ইরাক যুদ্ধে শীর্ষ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোবাহিনীর কমান্ডার ছিলেন। ২০১২ সালে তিনি সিআইয়ের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। তার আত্মজীবনী লেখিকা পলা ব্রডওয়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে পেত্রাউসের বিরুদ্ধে ।
আদালতে আনা অভিযোগে বলা হয়, ২০১১ সালে পেত্রাউস পাওলা ব্রডওয়েলকে অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথিপত্র দেখতে দেন। ‘ব্ল্যাক বুকস’ নামের এসব নথিতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে রত কর্মকর্তাদের পরিচিতি, যুদ্ধে ব্যবহৃত কোড শব্দের তথ্য, যুদ্ধ কৌশল, গোয়েন্দা তথ্য, কূটনৈতিক আলাপ-আলোচনা, হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের তথ্য ছিল।
বৃহস্পতিবার আদালতে পেত্রাউস বিধিবহির্ভূতভাবে তথ্য সরানো ও তা মৌখিকভাবে ফাঁস করার জন্য দায়ের করা মামলার অভিযোগ স্বীকার করেন।
আদালত পেত্রাউসকে ২ বছরের স্থগিত কারাদণ্ড ও ১ লাখ ডলার জরিমানার নির্দেশ দেন।
আইনজীবীরা অবশ্য কারাদণ্ডের মেয়াদ বহাল রেখে জরিমানার অঙ্ক কমানোর আবেদন করেছিলেন। তবে বিচারক ডেভিড কিসলার বলেন, অপরাধের মাত্রা অনুধাবন করে জরিমানা বাড়ানো হয়েছে।
এই মামলার রায় হওয়ার মাধ্যমে ৬২ বছর বয়সী পেত্রাউসের জীবনের বিব্রতকর এক অধ্যায়ের সমাপ্তি হল। আদালতে দাখিল করা অভিযোগে পেত্রাউসকে তার প্রজন্মের অন্যতম সেরা সামরিক নেতা হিসেবে তুলে ধরা হয়েছে।

