আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে জনসভার পাশেই এক কৃষকের আত্মহত্যার পরও সভা চালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার বার্তা সংস্থা এএনআই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, ‘আমি ভুল করেছি, আমার ভাষণ দেয়া উচিৎ হয়নি। ওই সময় বিষয়টি নিয়ে ভাবিনি। আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থণা করছি।’
বুধবার আপের জনসভা চলাকালে সবার সামনে গাছে উঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং। মঞ্চে তখন বক্তব্য রাখছেন আপ নেতা কুমার বিশ্বাস। অভিযোগ রয়েছে গজেন্দ্র যখন আত্মহত্যা করতে যাচ্ছিল তখন আম আদমি পার্টির কোনও নেতা, কর্মী বা স্বেচ্ছাসেবীরা তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। গজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও সভা চলছিল।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে আপ। আপ নেতা কুমার বিশ্বাসের দাবি তাঁরা নাকি পুলিশকে অনেকবার গজেন্দ্রকে বাঁচাবার অনুরোধ করেন। কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল।
কেজরিওয়াল বলেন, যখন তাকে (গজেন্দ্র) নামিয়ে আনা হয়েছিল, আমরা শুনেছিলাম সে জীবিত রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি কথা বলতে শুরু করেছিলাম…তবে আমার কথা বলার মতো অবস্থা ছিল না। এক ঘন্টার পরিবর্তে মাত্র ১০ মিনিট কথা বলেছিলাম।’
কেজরিওয়াল দাবি করেন এ ঘটনার পর তিনি দুই রাত ঘুমাতে পারেননি।

