আন্তর্জাতিক ডেস্ক : এক আন্তর্জাতিক সংস্থার জরীপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের কাতারে সবার প্রথমে উঠে এসেছে সুইজারল্যান্ডের নাম। সুইজারল্যান্ড চকোলেট এবং ঘড়ির জগতে শীর্ষে, এটা সবাই জানে। এবার এলো প্রাকৃতিক শোভামণ্ডিত দেশটির নতুন পরিচয়- সবচাইতে সুখী দেশ।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন) নামক এ আন্তর্জাতিক সংস্থা এ নিয়ে তৃতীয়বার এ ধরনের জরীপ পরিচালনা করলো। এতে সুইজারল্যান্ডের পর সুখী দেশ হিসেবে পর্যায়ক্রমে উঠে এসেছে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও কানাডার নাম।
সুখী দেশ ছাড়া সংস্থাটি প্রকাশ করেছে সবচেয়ে অসুখী পাঁচ দেশের নামও। এ দিক থেকে শীর্ষে আছে টোগো। এরপর যথাক্রমে বুরুন্ডি, সিরিয়া, বেনিন ও রুয়ান্ডা।
দেশের নাগরিকদের মাথাপিছু আয়, স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা, দুর্নীতিগ্রস্ততার মাত্রা, সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতার ওপর ভিত্তি করে জরীপে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এরপর নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে চূড়ান্তভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে।
এসডিএসএন প্রতিবছর এ জরীপ চালিয়ে থাকে। ২০১২ সাল থেকে তাদের এ জরীপ চালসা শুরু হয়েছে এবং বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে।

