নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর পাইলিং এর জন্য আড়াই হাজার টন ওজনের হ্যামার আনা হচ্ছে। ইতোমধ্যে জার্মানিতে এর কাজ শেষ হয়েছে। হ্যামারটি আগামী ১৫ মে মংলা বন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেছেন, ‘বর্তমানে পদ্মা সেতুর টেস্ট পাইলিং এর কাজ চলছে। আগামী অক্টোবর মাস থেকে মূল অবকাঠামোর কাজ শুরু হবে।’
বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বর্ষা মৌসুম ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দেশের ১০টি জোন ও ২০টি সার্কেলের প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মূল নদী শাসন কাজের জন্য ড্রেজারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি চলে এসেছে। ব্লক তৈরির প্লান্ট স্থাপন করা হয়েছে। পরীক্ষামূলক ব্লক তৈরির কাজ চলছে।’
এছাড়া মন্ত্রী আসন্ন বর্ষা মৌসুম ও রমজান এর ঈদ উপলক্ষে সারাদেশের সব সড়ক ও মহাসড়ক সংস্কার কাজ শেষ করতে হবে। বিশেষ করে যে কোন মূল্যে জেলাশহরের বেহাল সড়কগুলো মেরামতের কাজ শেষ করতে হবে।
যদি কেউ কাজের গাফিলতি বা অনিয়মের আশ্রয় নেন এবং যথাসময়ে সংস্কার কাজ শেষ করতে না পারেন তবে তাদের কার্যাদেশ বাতিল করা হবে।’
মন্ত্রী বলেন, ‘বর্ষায় সংস্কার কাজের গুণগত মান খারাপ এবং যানবাহন চলাচলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সারাদেশের সড়ক-মহাসড়ক উন্নয়ন কাজের নানা দিক তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গাজীপুর-মাওয়া এলাকার ফ্লাইওভার নির্মাণ কাজ যথা সময়ে আগেই শেষ হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম ৪ লেইন সড়ক উন্নয়ন প্রকল্পের ১৯২ কিলোমিটার সড়কের মধ্যে ১২৮ মহাসড়কের কাজ শেষ হয়েছে দাবি করে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আগামী ১৫ মের মধ্যে ঢাকা-জয়দেবপুর ও ময়মনসিংহ সড়ক উন্নয়নের কাজ শেষ হবে।’

