অর্থনৈতিক প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ১০ দশমিক ৫০ শতাংশ আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৬৩ কোটি ৮৭ লাখ টাকার বিপরীতে ৬৭০ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার টাকার আবেদন জমা হয়েছে।
এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫১৬ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকার আবেদন জমা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৫১ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকার, প্রবাসী বিনিয়োগকারীরা ২১ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ডের কাছ থেকে ৮১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকার আবেদন জমা হয়েছে।
এর আগে গত ২৪ মার্চ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। চলে ৩১ মার্চ পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ ছিল ৯ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।
তসরিফা ইন্ডাস্ট্রিজের ২০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৪১ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, বস্ত্র খাতের তসরিফা ইন্ডাস্ট্রিজ নিট গার্মেন্টস পণ্য উৎপাদন করে।

