আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলে মস্কো আরো বিমান প্রতিরক্ষা পদ্ধতি মোতায়েনের করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির বিরুদ্ধে ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেয়া এবং সীমান্তে সেনা মোতায়েন করারও অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে এ অভিযোগ সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ক্রেমলিন।
পশ্চিমা দেশগুলোর মধ্যস্থতায় গত ফেব্রুয়ারিতে মিনস্কে ইউক্রেনের সেনাবাহিনী এবং রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে ওই অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
ইউক্রেন বরাবরই বিদ্রোহীদের মদদ দেয়া এবং সীমান্তে সেনা মোতায়েনের অভিযোগ করে থাকে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়েহার্ফ এক বিবৃতিতে বলেছেন,‘রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সম্মিলিতভাবে মিনস্ক চুক্তি লঙ্ঘণ করে নিষিদ্ধ এলাকাগুলোতে কামান ও রকেট হামলা অব্যাহত রেখেছে।’ তিনি আরো বলেছেন, রুশ সেনাবাহিনী পূর্ব ইউক্রেন সীমান্তে বিমান প্রতিরক্ষা পদ্ধতি মোতায়েন করেছে। গত আগস্টের পর পূর্ব ইউক্রেনে মস্কোর এটিই সবচেয়ে বেশি পরিমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘটনা।
মুখপাত্র হার্ফ আরো বলেন, পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের যে সামরিক প্রশিক্ষণ চলছে এর সঙ্গেও জড়িত রয়েছে পুতিনের দেশ। শুধু তাই নয়, ইউক্রেন সীমান্তেও বিপুল পরিমাণ সেনা জড়ো করেছে রাশিয়া। ২০১৪ সালের অক্টোবরের পর ওই সীমান্তে এটিই রুশ সেনাদের সবচেয়ে বড় ধরনের উপস্থিতি বলে উল্লেখ করেছেন তিনি।

