নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে কমিশনের দেয়া আচারণ বিধি কেউ মানছেন না। নির্বাচনের আগে থেকেই ‘টাকার প্রচার’ উৎসব চলছে। কোথাও কোথাও সন্ত্রাসী ঘটনার খবরও আসছে। আঞ্চলিকতা আর সাম্প্রদায়িকতা প্রচারণা বন্ধ হয়নি। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে এসবের মাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। তাই এখনই নির্বাচন কমিশনকে শক্ত হাতে এর মোকাবেলা করতে হবে। এটি করতে ব্যর্থ হলে নির্বাচন প্রশ্নবোধক হয়ে থাকবে বলে নাগরিক কমিটির আহ্বায়ক কামাল লোহানী বলেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনস্থ মৈত্রী ভবনে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থীদের সমর্থনে নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক কামাল লোহানী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে কামাল লোহানী বলেন, ‘রাজধানী ঐতিহ্যবাহী ঢাকা এখনো সবার বাসযোগ্য করে গড়ে তোলা যায়নি। এটি খেতাব পাচ্ছে ‘অচল’, ‘নিকৃষ্ট নগরী’র। বহুবিধি সমস্যায় জর্জরিত আমাদের প্রিয় শহর। এখানে রয়েছে অপরিচ্ছন্নতা, দখলদারিত্ব, দুর্নীতি, ভেজাল, লুটপাট, অসমতা। অপরিকল্পিত ব্যবস্থাপনা অগ্রগতির আরেক প্রতিবন্ধকতা। এসবের বিরুদ্ধে চাই কার্যকর প্রতিরোধ। এজন্য প্রয়োজন স্বচ্ছ ও জবাবদিহিতা সম্পন্ন নগর প্রশাসন ও নগর নেতৃত্ব। নগরকে সব শ্রেণী-পেশা নির্বিশেষে আমরা চাই একটি পরিবেশ বান্ধব, যানজটমুক্ত সবুজ ঢাকা। একটি ‘সচল’, ‘উৎকৃষ্ট’ ও ‘সমতাভিত্তিক’ নগরী।’
কামাল লোহানী বলেন, ‘দীর্ঘ দিন পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে নিজের বিচার বিবেচনা মতে সকল ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এই প্রত্যাশায় নিয়ে আমরা নাগরিক কমিটি এই নির্বাচনের দিকে নজর রাখছি।’
তিনি বলেন, ‘অচল ঢাকাকে সচল করে সবার বাসযোগ্য ঢাকা গড়ার আন্দোলন অনেক দিনের। এবারের নির্বাচনে এই আন্দোলনের প্রতিনিধি ঢাকা উত্তরে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) হাতি মার্কা এবং দক্ষিণে মেয়র পদে বজলুর রশীদ ফিরোজ টেবিল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা কেউ হঠাৎ করে আসা প্রার্থী নন। দীর্ঘদিনের আন্দোলনের পরীক্ষায় উত্তীর্ণ ‘বাসযোগ্য ঢাকা চাই’ আন্দোলনের প্রার্থী। আমরা মনে করি এই প্রার্থীরা নির্বাচিত হলে জন্য ‘সকলের জন্য বাসযোগ্য ঢাকা গড়া’ সহজতর হবে। আমাদের বিশ্বাস এই প্রার্থীরা নিজের ব্যক্তিগত ও সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরীবাসীর প্রকৃত স্বার্থ আদায় করবে।’
এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে আপনি মনে করেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামাল লোহানী বলেন, ‘এর চেয়ে ভালো লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হবে না। আমরা অতীতেও তা দেখিনি। তার মধ্যেই আমাদের কাজ করতে হবে।’
সংবাদ সম্মেলনে ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলন’র প্রার্থীদের সমর্থনে ৭১ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এম এম আকাশ, অধ্যাপক আবেদুর রেজা, অধ্যাপক মুয়াজ্জেম হুসাইন, শংকর সাওজাল, সঞ্জীব দ্রং ও চঞ্চল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

