নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ এপ্রিল শনিবার জাতীয় ভিটামিন ‘এ-প্লাস’ ক্যাম্পেইন উদযাপন করা হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়েসী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়েসী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভ্রাম্যমান কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।’
দুর্গম এলাকায় ভিটামিন ‘এ-প্লাস’ ক্যাম্পেইন সফল করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আগামী ২৫ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরাপেটে কেন্দ্র নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন এ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা তরল ঔষুধটি চেপে খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো ঠিক হবে না।’
মন্ত্রী জানান, ভিটামিন এ-প্লাস ক্যাপসুলটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দৃষ্টিশক্তি ভাল করে। স্বাভাবিক পরিপাকে এবং শরীরের সুস্থ্যতা রক্ষায় সহায়তা করে। ‘এ’ ক্যাপসুল ডায়রিয়ার ব্যাপ্তি ও হামের জটিলতা কমাবে।
তিনি জানান, সারাদেশে প্রায় দুই কোটি ১৫ লাখের বেশি শিশুকে এবার ভিটামিন ‘এ-প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুদের ভিটামিন ‘এ-প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সকল অভিভাবককে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

