আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত গতিতে রেল চালনায় নিজেরই করা আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে জাপান। সোমবার তাদের চালানো ওই রেলটির সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বা ৩৭৪ মাইল।
গত সপ্তাহে এই ট্রেনেরই আরেকটি পরীক্ষামূলক চালনায় গতি ছিলো ঘণ্টায় ৫৯০ কিলোমিটার।
সোমবার পরীক্ষামূলকভাবে মাউন্ট ফুজির কাছে এই ট্রেনটি চালানো হয়।যে প্রযুক্তির সাহায্যে এই ট্রেনটি চালানো হয়েছে তাকে বলা হয় ম্যাগনেটিভ লেভিটেশন বা ম্যাগলেভ। এই প্রযুক্তিতে বিদ্যুতায়িত চুম্বকের সাহায্যে ট্রেনটি ট্র্যাকের ওপর বাতাসে ঝুলে থেকে ছুটতে থাকে।
জাপানের রেল পরিবহন কোম্পানি সেন্ট্রাল জাপান রেলওয়ে ২০২৭ সালে রাজধানী টোকিও এবং মধ্যাঞ্চলীয় শহর নাগোয়ার মধ্যে এই ট্রেন সার্ভিস চালু করতে চাচ্ছে। এই সার্ভিসটি চালু হলে ২০৮ কিলোমিটার দূরের এই দুটো শহরের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।এখন এই পথ পাড়ি দিতে প্রায় দ্বিগুণ সময় লাগে ।

