আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে একটি দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। সোমবার শ্রীলঙ্কার সংসদে এ তথ্য জানানো হয়েছে।
আগামি বৃহস্পতিবার তাকে তদন্তকারী দলের সামনে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজাপক্ষের সমর্থকরা।
রাজাপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দীতা না করতে তিনি এক বিরোধী দলীয় জ্যেষ্ঠ নেতাকে ঘুষ দিয়েছিলেন। নির্বাচনে অবশ্য রাজাপক্ষে তার এক সময়ের সহযোদ্ধা মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান। সিরিসেনা ক্ষমতায় এসেই রাজাপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তদন্ত কমিটি গঠন করেন। তবে এবারই প্রথম সাবেক এই প্রেসিডেন্টকে অভিযোগের বিষয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন।
এদিকে সংসদে রাজাপক্ষের দল পিপলস অ্যালায়েন্সের নেতা নিমাল সিরিপালা ডি সিলভা এ বিষয়ে বলেন, ‘যদি সাবেক রাষ্ট্রপতিকে তার নির্বাহী আদেশের বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরা তা মেনে নেব না।’
দুর্নীতি দমন কমিশন যাতে তাদের তদন্ত কার্যক্রম বন্ধ করে সেজন্য ডি সিলভা সংসদের স্পিকার ও সাবেক প্রেসিডেন্টের ভাই চামাল রাজাপক্ষকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন। তবে স্পিকার জানিয়েছেন তিনি এই মুহূর্তে এ বিষয়ে কোন রুলিং দিতে পারবেন না।

