অর্থনৈতিক প্রতিবেদক : দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের মতো এ দিন লেনদেনে ঊর্ধ্বমুখি ধারা অব্যাহত আছে। বাজারে সূচকের মিশ্র প্রবণতা থাকলেও ধারাবাহিকভাবে লেনদেন বাড়ায় পুঁজিবাজারে সিটি নির্বাচনের হওয়া লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৩ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ১২ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৬ দশমিক ২৯ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৬০ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৬৯টি, কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২০৮ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক শূন্য দশমিক ৮৪ পয়েন্ট কমে ৯৮৪ দশমিক ৩০ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৮৮ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১০ হাজার ৯৭৯ দশমিক ৪৮ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৯৫১ দশমিক ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএএসপিআই সূচক ১০ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৫০ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৩৬টি, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির শেয়ার দর।
বাজার সংশ্লিষ্টরা বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন বাজারে লেনদেনের নিম্নমুখি প্রবণতা অব্যাহত ছিল। সিটি নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক অস্থিরতা অনেকটা কেটেছে। আর এ কারণে বাজারে লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে।

