আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদ দেশটিতে গৃহযুদ্ধের পেছনে ইন্ধন যোগানোর জন্যে তুরস্কেকে প্রত্যক্ষভাবে দায়ী করেছেন। তার ভাষ্যমতে, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে প্রশাসনকে অপসারণ করে ‘বিদ্রোহীদের’ শাসনযন্ত্র দখলে তুরস্ক প্রধান ভূমিকা পালন করেছে।
সুইডেনের গণমাধ্যমে প্রদানকৃত সাক্ষাতকারে এ মত ব্যক্ত করেন তিনি। তুরস্কের সম্পৃ্ক্ততা সম্পর্কে বলেন, ‘মূল সহায়তাটা করছে তুরস্ক। তারা ক্রমাগত ইন্ধন যোগাচ্ছে ও অস্ত্র তুলে দিচ্ছে হাতে। তবে মূল অর্থসহায়তা দিচ্ছে সৌদি আরব এবং কাতার।’
প্রসঙ্গত উল্লেখ্য, সিরিয়ার প্রধান বিরোধী দল ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’ তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও বাশারবিরোধী প্রচারণা অব্যাহত রেখেছে।
আল-কায়েদার সঙ্গে সংহতি প্রকাশকারী আল নুসরাহ ফ্রন্ট সম্প্রতি এই গুরুত্বপূর্ণ শহরটির দখল নিয়েছে। জানা যায় ইদলিব তুরস্ক থেকে স্বল্পদূরবর্তী এবং এ সুবাদে সশস্ত্র বিদ্রোহীরা তুরস্কের সীমান্ত এলাকাকে নিরাপদ আত্মগোপন অঞ্চল হিসেবে বেছে নিয়েছে।
বাশার আল আসাদের তুরস্কের প্রতি এ অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছেন তুরস্কের সরকারী মুখপাত্র।

